বাঁশি, বেহালার সুরে নববর্ষের আবাহন চট্টগ্রামে
উগ্র সাম্প্রদায়িকতাকে রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল চট্টগ্রামবাসী।
বরাবরের মতোই বাংলা নববর্ষ ১৪২২ সালের প্রথম ভোরের আলো ফুটতেই ডিসি হিল ও সিরআরবি শিরীষ তলায় বাঙালি সাজে নানা বয়সী মানুষের ঢল নামতে শুরু করে।
সকালে সাড়ে ৬টায় ডিসি হিল পার্কে ক্যাপ্টেন আজিজুল ইসলামের বাঁশির সুরে নতুন বছরের আগমণকে স্বাগত জানানো হয়।
এরপর একে একে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দলীয় গান ও নৃত্য পরিবেশন করে।
তিন দশকের বেশি সময় ধরে ডিসি হিলে বর্ষবরণের আয়োজন করে আসছে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’।
সাড়ে ৭টায় সিআরবি শিরীষ তলায় নবনির্মিত মঞ্চে ‘ভায়োলিনিস্ট চিটাগাং’ নামে একটি সংগঠনের দলীয় বেহালার সুরে শুরু হয় বর্ষবরণের আয়োজন।
গত সাত বছর ধরে শিরীষ তলায় সাত বছর ধরে নববর্ষ অনুষ্ঠান আয়োজন করে আসছে ‘নববর্ষ উদযাপন পরিষদ।’
নববর্ষ উপলক্ষে সকাল ৮টায় সার্কিট হাউজ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় আনন্দ শোভাযাত্রা; শেষ হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে।
সেখানে পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ।
সকাল ৯টায় প্রথম শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর ক্যাম্পাসে শুরু হয় আনন্দ শোভাযাত্রা।
উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও উপ-উপাচার্য ইফতেখার উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সিআরবিতে অনুষ্ঠিত হয় সাহাবউদ্দিনের বলি খেলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জারুলতলায় বলি খেলা, কাবাডি, বউচি ও পুতুল নাচসহ বিভিন্ন আয়োজন।
নববর্ষ আয়োজন নির্বিঘ্ন করতে নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডিসি হিল পার্কে ঢোকার মুখে বসানো হয়েছে আর্চওয়ে। এছাড়া মেটাল ডিটেক্টর দিয়েও করা হচ্ছে তল্লাশি। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব সদস্য।
নগরীর লাভলেইন, এনায়েত বাজার মোড়, বোস ব্রাদার্স, চেরাগী পাহাড় মোড় থেকে ডিসি হিল পর্যন্ত এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সাত রাস্তার মাথা এবং কাঠের বাংলো থেকে সিআরবি এলাকা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
নিয়মিত পুলিশ সদস্যদের বাইরে অতিরিক্ত আরও দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
