২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীসহ দুজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারীসহ দুজনের লাশ উদ্ধার হয়েছে, যাদের একজনকে হাত-পা বাঁধা অবস্থায় মহাসড়কের পাশে পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 02:15 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

কালিয়াকৈর থানার এসআই মিজনুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মহিষবাথানে পুরাতন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে হাত-পা বাঁধা এক জনের লাশ পাওয়া যায়।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তার পরনে নীল রংয়ের টিশার্ট ও সাদা-কালো চেক লুঙ্গি রয়েছে। গামছা দিয়ে তার হাত এবং পা রশি দিয়ে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় নিজেদের বাড়ি থেকে বিউটি আক্তার (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার আরেক এসআই সানোয়ার জাহান জানান, বিউটির স্বামী মনজু মিয়া সৌদি আরবে থাকেন। দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে এই দম্পতির।

ওই বাড়িতে সন্তানসহ শ্বশুর ও শাশুড়িকে নিয়ে থাকতেন বিউটি।

“ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় তার লাশ পাওয়া গেছে।”

বিউটির শাশুড়ির বরাত দিয়ে এসআই সানোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে সন্তানকে ঘুমিয়ে দিয়ে শাশুড়িকে পাশের বাড়ি পাঠিয়ে দেন বিউটি। পরে বাসায় ফিরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়  শাশুড়ি। এ সময় তার শ্বশুরও বাড়ির বাইরে ছিলেন।”  

ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।