২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত

নিরাপত্তার কারণ দেখিয়ে বগুড়ায় বর্ষবরণের অনুষ্ঠান সন্ধ্যার আগে শেষ করতে বলেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 08:55 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামেও উন্মুক্ত স্থানে বর্ষবরণের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, আনুষ্ঠানিকভাবে যেহেতু অবরোধ তুলে নেওয়া হয়নি, তাই মানুষ ও যানবাহনের নিরাপত্তার জন্য সন্ধ্যার পর পুলিশকে মহাসড়কে ব্যস্ত থাকতে হবে।

তাই সন্ধ্যার পর অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে বৈশাখের অনুষ্ঠানমালা সন্ধ্যার মধ্যেই শেষ করতে বলা হয়েছে।

তবে, অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে চলার দিকে পুলিশের কড়া দৃষ্টি থাকবে বলে জানান তিনি। 

এসপি বলেন, বগুড়ায় পাঁচ শতাধিক স্থানে বৈশাখী অনুষ্ঠান হতে যাচ্ছে। এসব মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাদা অনুষ্ঠানে পোশাকে পুলিশ থাকবে। মোবাইল টিমও থাকছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবিও মোতায়েন থাকছে বলে জানান এসপি।

স্থানীয়রা জানান, বগুড়ায় পহেলা বৈশাখে সবচেয়ে বড় মেলা বসে ধুনটের বিস্তৃত বাইশার বিলের পাশে।

এই বিলে রয়েছে গ্রীস্মকালীন পাখির কলকাকলি আর নয়নাভিরাম রংবেরঙের শাপলা। এজন্য এ স্থানটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

পহেলা বৈশাখ উপলক্ষে এখানে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

বাইশার বিলের বৈশাখী মেলার আয়োজক সংসদ সদস্য হাবিবুর রহমান জানান, শুধু বৈশাখী মেলার জন্যই নয়, বিদেশি পর্যটকদের বাইশার বিলে আকর্ষণ করার জন্যও এ বিলের পাশে পার্ক গড়ে তোলার কাজ চলছে।

বাইশার বিল ছাড়াও পাঁচ দিনব্যাপী মেলা বসছে বগুড়া শহরের পৌর পার্কে।