অগ্নিদগ্ধদের চিকিৎসায় আগ্রহী ইন্টারপ্লাস্ট
বাংলাদেশে বিএনপিসহ বিরোধী জোটের হরতাল-অবরোধে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার জন্য সহায়তা দিতে চায় আন্তর্জাতিক সংস্থা ইন্টারপ্লাস্ট।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ইন্টারপ্লাস্টের একটি প্রতিনিধিদল ইচ্ছা প্রকাশ করেন।
তিন দশক ধরে বিভিন্ন দেশে অগ্নিদগ্ধদের অস্ত্রোপচারে কাজ করা সংগঠনটি ৯ সদস্যের একটি দল বাংলাদেশে অবস্থান করছেন, যারা জার্মানি, নেদারল্যান্ডস ও হাঙ্গেরির নাগরিক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে (বার্ন ইউনিট) পেট্রোল বোমাসহ আগুনে পোড়া ৪৪ জনের অস্ত্রোপচার করেছেন তারা।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্থাটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হেইঞ্জ-হারবার্ট হোমান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আগুনে পোড়াদের চিকিৎসা সেবা দেওয়ায় প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “গত তিনমাসে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। এটা খুবই দুঃখজনক।”
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নাশকতায় প্রায় ১৩০ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ানোকে ‘অমানবিক’ আখ্যায়িত করে করে এর নিন্দা জানান হেইঞ্জ-হারবার্ট হোমান।
ডিএমসিতে বার্ন ইন্সটিটিউট প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বড় বড় হাসপাতালেও বার্ন ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
হেইঞ্জ-হারবার্ট হোমান প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসা করে বলেন, তারা বার্ন ইউনিটের সহায়তা করতে চান। এবিষয়ে ইন্টারপ্লাস্টের সঙ্গে অভিজ্ঞতাও বিনিময় হতে পারে।
প্রধানমন্ত্রী এসময় ওয়েবক্যামের মাধ্যমে বাংলাদেশের গ্রামে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার কথা জানালে এ উদ্যোগের প্রশংসা করেন হেইঞ্জ।
ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া ইন্টারপ্লাস্টের চিকিৎসকদের বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে সমন্বয়ক হিসেবে কাজ করেন।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, চিকিৎসক ড. আবুল কালাম ও ড. সামন্তলাল সেন।
