২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসকে নিয়ে প্রচার চালাতে চান স্ত্রী

প্রতীক নিয়ে প্রচারে নামলেও প্রার্থী মির্জা আব্বাসের অভাব অনুভব করছেন এই বিএনপি নেতার স্ত্রী। বিভিন্ন মামলার আসামি মির্জা আব্বাসকে নির্বিঘ্ন প্রচারের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী স্বামীর জন্য ভোট চেয়ে রোববার সকালে মালিবাগ, সিদ্ধেশ্বরী এবং বিকালে পুরান ঢাকার হোসেনী দালান রোডে বাড়ি বাড়ি যান আফরোজা আব্বাস।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ৩৭টি ফৌজদারি মামলা মাথায় নিয়ে কয়েক মাস ধরে অপ্রকাশ্যে রয়েছেন। এর মধ্যেই তিনি ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হয়েছেন।

মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত কোনো ক্ষেত্রেই দেখা যায়নি বিএনপির এই নেতাকে। তবে তিনটি মামলায় জামিন চেয়ে রোববারই হাই কোর্টে আবেদন করেছেন তিনি। 

মির্জা আব্বাসের মগ প্রতীকে ভোট চেয়ে আফরোজা বলেন, “আমাদের নেতা-কর্মীদের হয়রানির মধ্যে রাখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তার চলছে। এ অবস্থাতেও প্রচারণার কাজে মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি।”

আফরোজার সঙ্গে প্রচারে মহিলা দলের কর্মী ও বিএনপি সমর্থিত কয়েকজন কাউন্সিলর প্রার্থীও অংশ নেন।

স্বামীর অনপুস্থিতির কথা তুলে ধরে আফরোজা বলেন, “উনি যদি সঙ্গে থাকত, প্রচার কাজে আরও গতি আসত। এলাকার মানুষ তাদের নেতাকে দেখতে চায়।”

বিরোধী জোটের নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে পুলিশ দিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

“এ অবস্থা লেভেল প্লেয়িং ফিল্ডের সম্পূর্ণ বিপরীত। সরকার প্রশাসন দিয়ে পরিকল্পিতভাবে হয়রানি করছে। মামলার অজুহাতে মির্জা আব্বাসসহ বিএনপির অনেক প্রার্থীর চলাফেরার ওপর নজরদারি রাখা হচ্ছে। সরকার তাদের উন্মুক্ত করে না দিলে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হবে না। এ অবস্থায় নির্বাচন হলে তা একতরফা হবে।”

সরকাবিরোধী আন্দোলনে থাকা বিএনপি শুরু থেকে মামলার হয়রানি থেকে প্রার্থীদের মুক্ত রাখার আহ্বান জানিয়ে আসছে।

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিষয়টি তোলেন। তখন সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ প্রার্থীদের অযথা হয়রানি না করতে পুলিশকে নির্দেশনা দেন।   

সুষ্ঠু নির্বাচন হলে ঢাকার এক সময়ের মনোনীত মেয়র মির্জা আব্বাসের এবারের জেতার সম্ভাবনা একশ ভাগ দেখছেন তার স্ত্রী।

স্বামীর নির্বাচনী ইশতেহারের বিষয়ে তিনি বলেন, নগর ও নগরবাসীর উন্নয়নের কথা মাথায় রেখেই যথাসময়ে ইশতেহার প্রকাশ করা হবে।

মির্জা আব্বাস নির্বাচিত হলে সিটি করপোরেশনের যানজট, পানি, মশাসহ যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে আফরোজা প্রতিশ্রুতি দেন।

ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফের কাছে দুই যুগ আগে মেয়র পদে ভোটে হেরেছিলেন মির্জা আব্বাস।

পুরনো খবর:

৩ মামলায় আব্বাসের আগাম জামিনের আবেদন