২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মামলায় আব্বাসের আগাম জামিনের আবেদন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস তিন মামলায় হাই কোর্টে আগাম জামিন চেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 06:14 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে রোববার তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন এই আবেদন নিয়ে যান।

এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।

পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় এসব আবেদন করা হয়েছে। কাল (সোমবার) শুনানি হতে পারে।

এর মধ্যে পল্টন থানার মামলাটি পুলিশ দায়ের করেছে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

চলতি বছর ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলার বাদীও পুলিশ। আর শাহবাগ থানার মামলাটি ২০১৪ সালের ৬ মার্চ দুদক দায়ের করে।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার এজাহারে মির্জা আব্বাসের নাম না থাকলেও ‘গ্রেপ্তারের আশঙ্কায়’ তিনি জামিন চেয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস সিটি নির্বাচনে অংশ নিতে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তার নামে আগে ২৪টি এবং বর্তমানে ৩৭টি ফৌজদারী মামলা থাকার কথা বলা হয়েছে।

২৮ এপ্রিল ভোট সামনে রেখে পুরোদমে প্রচার চললেও মামলা মাথায় নিয়ে এই বিএনপি নেতা সামনে আসছেন না। মগ প্রতীক নিয়ে তার পক্ষে ভোট চাইছেন স্ত্রী আফরোজা আব্বাস।  

ঢাকা মহানগর পুলিশ আগেই বলে রেখেছে, বিভিন্ন ফৌজদারি মামলার আসামিদের মধ্যে যারা জামিন না নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের গ্রেপ্তার করা হবে।

এ বিষয়টিকে ‘হয়রানি’ আখ্যায়িত করে নির্বাচনে সবার জন্য ‘সমান সুযোগ সৃষ্টি করতে’ মামলার আসামি নেতাকর্মীদের জামিন দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি।