২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে সেতুর পাটাতন উপড়ে জামায়াতি ক্ষোভ

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ ও বেইলি ব্রিজের পাটাতন উপড়ে ফেলেছে জামায়াত-শিবির কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

শনিবার রাতে ফাঁসি কার্যকরের পর থেকে উপজেলার চাম্বল, নাপোড়া, পুঁইছড়িসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও ব্রিজের পাতাটন উপড়ে ফেলা হয়।

এ কারণে চাম্বল থেকে টইটং পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এদিকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বাঁশখালী উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবি-২৮ ব্যাটালিয়নের উপপরিচালক মেজর তানভীর মাহমুদ।

চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ ওসমান গণি চৌধুরী বলেন, রাতে রায় কার্যকরের পর জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে বিক্ষোভ করে।

“পরে তারা চাম্বল ইউনিয়নের প্রধান সড়কের বেইলি ব্রিজের পাতাটন খুলে ফেলে। এরপর থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।”

পুঁইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাঈনুদ্দিন কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় কার্যকরের পর জামায়াত-শিবির গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা সরিয়ে ফেলে।

স্থানীয়রা জানান, রাতে বিক্ষোভের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে ‍পুলিশ-বিজিবি চলে গেলে তারা আবার এসে সড়ক অবরোধ করে এবং ব্রিজের পাতাটন খুলে ফেলে।

বর্তমানে উপজেলার পরিস্থিত স্বাভাবিক আছে জানিয়ে বাঁশখালীর ইউএনও আরিফ আহামেদ খান বলেন, “রাতে চাম্বল ব্রিজের একটি পাতাটনটি খুলে ফেলা হয়েছে। পাতাটনটি দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথের লোকজনদের খবর দেয়া হয়েছে।”

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পরও ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবিরের লোকজন।

সে সময় তারা বাঁশখালীতে আদালত ভবনে আগুন দেওয়ার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালালে দয়াল হরি শীল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন।

পুরনো খবর:

দক্ষিণ চট্টগ্রামে তাণ্ডব, হিন্দু বৃদ্ধ নিহত