মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিমানবাহিনীর এক সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত নয় জন।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি হুমায়ুন কবীর জানান, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর খামারপাড়া গ্রামের একরামুল হকের ছেলে বিমান বাহিনীর সার্জেন্ট মো. আশরাফুল ইসলাম (৩৫), নওগাঁ জেলার হাজীপাড়া গ্রামের মাছির উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৫০), একই জেলার কোনাইল গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল কদ্দুছ (২৮) ঢাকার সাভার উপজেলার ঢগরপুরা গ্রামের জমশের আলীর ছেলে জমির আলী (৩৫) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নূরুল হকের ছেলে আতোয়ার রহমান (৫২)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, নওগাঁ থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।
