দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
শনিবার বেলা ৩টায় উপজেলার কাউগাঁ এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কালিগঞ্জ গ্রামের মাজেদুর রহমান (৪৫) ও সাজেদুর রহমান (৩৫)।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি এস এম খালেকুজ্জামান জানান, ঢাকাগামী টমেটো বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের আরেক আরোহী।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
