২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চাইতে কড়াইল বস্তিতে তাবিথ

রাজধানীর কড়াইল বস্তিতে ভোট চাওয়ার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 12:51 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

শনিবার সকালে কড়াইল বস্তিতে যান ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন নিয়ে আমি মাঠে নেমেছি। তরুণদের পক্ষে আমাকে নিয়োগ দিয়েছেন। ব্যাপক সাড়া পাচ্ছি।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটাররা ‘আধুনিক ঢাকা’ গড়ার পক্ষে রায় দিয়ে তাকে নির্বাচিত করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মেয়র হলে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তাবিথ বলেন, “শিগগিরই নির্বাচনী ইশতেহার জানাব।”

বস্তির ঘরে ঘরে ঢুকে ভোটারদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল। পরে বস্তির একটি মাঠে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাস প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামা এই প্রার্থী।

সদ্য গঠিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’র প্রার্থী হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নেতারা। ঢাকা দক্ষিণে মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস দলের সমর্থন পেয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল হওয়ার ঢাকা উত্তরে এসেছেন তার বড় ছেলে তাবিথ।

ভোটের লড়াইয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের মুখোমুখি হতে হচ্ছে এই সংগঠনের আরেক সাবেক সভাপতি মিন্টুর ছেলেকে।

আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে লড়ছেন আনিসুল।

ব্যবসায়ী বাবা রাজনীতিতে যুক্ত হলেও এতোদিন ধরে তাতে জড়াননি তাবিথ। ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাবিথ বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।