‘লেইন’ বাড়িয়ে লাভ নেই, গলদ সড়ক ব্যবস্থাপনায়: কাদের
সড়ক-মহাসড়কের ‘লেইন’ বাড়িয়ে লাভ নেই মন্তব্য করে ‘ট্রাফিক ম্যানেজম্যান্ট’ ঠিক করার ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার গাজীপুরের শ্রীপুরে মাওনা ফ্লাইওভার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, “সড়ক-মহাসড়ক আট লেন, বার লেন করে কোন লাভ নেই। কোন সমাধান হচ্ছে না। এজন্য পরিবর্তন করতে হবে আমাদের মানসিকতার।”
জয়দেবপুর চৌরাস্তায় লেইন বাড়িয়ে সমাধান হয়নি মন্তব্য করে তিনি বলেন, “এখানে ট্রাফিক ম্যানেজম্যান্ট ঠিকমতো হচ্ছে না। এটা ঠিকমতো করার জন্য আমি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই।”
ঢাকা ও চট্টগ্রামের বাইরে এই প্রথম কোনো ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার মাওনা ফ্লাইওভারের উদ্বোধন করবেন।
পাশাপাশি জয়দেবপুর-ময়মনসিংহ অংশের মহাসড়ক চার লেইনে উন্নীত করার কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে আশা প্রকাশ করে তিনি বলেন, “এজন্য রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমি ৫১ বার এখানে এসেছি।”
তিনি জানান, মহাসড়কের জয়দেবপুর-এলেঙ্গা অংশে পাঁচটি ফ্লাইওভার হবে। এছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পে হবে আরও কয়েকটি ফ্লাইওভার। টঙ্গী সেতু হবে আট লেইনের।
অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
