২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাবাদী মানবাধিকার কর্মীরা চুপ কেন: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক কর্মসূচিতে পেট্রোল বোমায় শতাধিক মানুষের মৃত্যুতে সরব না হওয়ায় মানবাধিকার সংগঠনগুলোর কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 11:30 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

যেসব সংগঠন ‘চুপ ছিল’ তাদের ‘চরম সুবিধাবাদী’ আখ্যায়িত করে তিনি বলেছেন, এসব সংগঠনের কর্মীদের নিশ্চয়ই ‘কোনো উদ্দেশ্য রয়েছে’।

“এখানে যে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারল- তাদের মুখে কোনো কথা নেই, কলমেরও জোর নেই।... হিউম্যান রাইটস্ নিয়ে এতো তোলপাড়!  এতো মানুষ যে, পুড়িয়ে মারল- একটা শব্দ করল? আমরা তো তাদের জ্বালায় অস্থির থাকি।”, বলেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় যুদ্ধাপরাধী জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি স্থগিতের আহ্বান জানানোর পরদিন প্রধানমন্ত্রীর এই বক্তব্য এল।

২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের পর মানবাধিকার সংগঠন অধিকার বিবৃতি পাঠিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ৬১ জন নিহত হওয়ার যে দাবি তুলেছিল- সে প্রসঙ্গও আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। 

কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, “তখন তো মিথ্যা অপপ্রচার চালাল। এখন তাদের ‍মুখ বন্ধ কেন? এখন মানবাধিকার লঙ্ঘন না? তারা কীভাবে চুপ থাকল? মিথ্যা মানুষের তালিকা দিয়ে অপপ্রচার চালাল।”

শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘যাদের মনুষ্যত্ব আছে, তারা কীভাবে বিএনপির সমর্থন করে’- এ প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, “তারা কীভাবে এই দলের জন্য কাজ করতে পারে? কীভাবে ভোট চায়?”

‘নিজ ক্ষেত্রে পরিচিত ব্যক্তি’, যারা বিএনপিকে সমর্থন করেন- তাদের মোমবাতির আগুনের ওপর এক মিনিট হাত রাখার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “মোমবাতি জ্বালিয়ে মোমবাতির ওপর এক মিনিট হাত রেখে দেখুক।”

“যাদের শিক্ষা-দীক্ষা বা এতটুকু জ্ঞান রয়েছে, তারা তাদের (বিএনপি) পক্ষে কীভাবে সোচ্চার?”

যারা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “অতীতে বিভিন্ন সময়ে যারা রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াটা ভুল ছিল।”

এবার বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক কর্মসূচি সফল করতে যারা ‘নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে, যারা এজন্য হুকুম দিয়েছেন এবং যারা অর্থদাতা’, সবার বিরুদ্ধেই ব্যবেস্থা নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

“কেউ যেন আর জনগণের জীবন নিয়ে খেলতে না পারে, সেজন্য অভিযান চলতে থাকবেই।... যারা এধরনের জঙ্গিবাদী কাজ করছে, তারা তো থেমে থাকবে না। তারা দেশের ক্ষতি করবে।”

‘৯২ দিনের কর্মসূচিতে খালেদা জিয়ার অর্জন কী’- এ প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, “তার অর্জনটা কী? সেই তো কোর্টে যেতে হল। জামিন চাইতে হল। ঘরে ফিরতেই হল।”

যাদের আন্দোলন ব্যর্থ, তাদের সঙ্গে জনগণ থাকে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি বলেন, “পুড়িয়ে মেরে আন্দোলন সফল হয় না- সেই শিক্ষাটা খালেদা জিয়া পেয়েছেন।”

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “৬৫ জন মানুষ নিয়ে বসে থাকলেন। এই নোংরামীর কী মানে?”

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি গুলশানে নিজের কার্যালয়ে অবস্থান নেন খালেদা জিয়া। প্রথমে অবরুদ্ধ হলেও পরে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেওয়ার পরও তিনি কার্যালয় ছাড়েননি।

এর মধ্যে বিশ্ব ইজতেমা ও এসএসসি পরীক্ষার কারণে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেননি খালেদা।একুশে ফেব্রুয়ারি ও ২৬ মার্চে শ্রদ্ধা জানাতেও কার্যালয় থেকে বের হননি বিএনপি চেয়ারপারন।   

টানা কয়েকটি তারিখে আদালতে হাজিরা না দেওয়ায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।এরপরও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন।

শেষ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন শুরু হলে বিএনপির কর্মসূচি শিথিল হয়। খালেদাও গত ৬ এপ্রিল আদালতে গিয়ে জামিন নিয়ে নিজের বাসায় ফিরে যান।