মাওনা ফ্লাইওভার উদ্বোধন শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘মাওনা ফ্লাইওভার’ উদ্বোধন করবেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, শনিবার বিকালে ফ্লাওভার উদ্বোধন করে প্রধানমন্ত্রী মাওনা পিয়ার আলী কলেজ মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন।
গাজীপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কাস অর্গানাইজেশনের (পশ্চিম) নিয়ন্ত্রণাধীন ১৭ ইসিবি ২০১৩ সালের ২৬ অক্টোবর এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু করে।
এ প্রকল্পের মেয়াদ হওয়ার কথা রয়েছে এ বছরের ৩০ জুন। নিদিষ্ট সময়ের ৩ মাস আগে কাজ শেষ হয়েছে।
প্রকৌশলী সবুজ আরও জানান, চার লেনের এই ফ্লাইওভারের দৈর্ঘ্য সাড়ে ৪০০ মিটার, র্যাম্পসহ দৈর্ঘ্য ৯০০ মিটার এবং প্রস্থ ১৯ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি ২২ লাখ টাকা।
