২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নিখোঁজ ভটভটি চালকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজের দুদিন পর এক ভটভটি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, শুক্রবার ঈশ্বরদীর অরণখোলা হাট সড়কের পাশে আবু বক্কারের (৩৫) লাশ পাওয়া যায়।

আবু বক্কার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া এলাকার কৃষি গবেষণা ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল মোত্তালেবের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বুধবার সন্ধ্যায় ভটভটি চালক বক্কারকে মোবাইল ফোনে কে বা কারা ভাড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার আবু বক্কারের পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

থানা পুলিশ পরিবারের অভিযোগ পেয়ে সন্দেহভাজন কয়েকজনের বাড়িতে অভিযানও চালিয়েছিল।

ওসি বলেন, শুক্রবার সকালে অরণখোলা হাট সড়কের পাশে পায়ের রগ কাটা অবস্থায় আবু বক্কারের লাশ পাওয়া যায়।

পায়ের রগ কেটে ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান পাবনার এএসপি শাহনূর আলম পাটোয়ারী।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ উৎঘাটনের চেষ্টা করছে বলে জানান শাহনূর।

নিহতের চাচা মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে বক্কারের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ চলে আসছিল। তারাই পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।”