লক্ষ্মীপুরে দেড় হাজার লিটার মদসহ আটক ২
লক্ষ্মীপুর শহর থেকে এক হাজার ৫০০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর র্যাব-১১ এর এএসপি নাজিম উদ্দিন জানান, শুক্রবার সকালে শহরের উত্তর তেমুহনীর একটি মদের আড়তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- আড়তের মালিক মো. মোক্তার হোসেন (৪৫) ও ক্রেতা মো. জাহাঙ্গীর আলম (৩৫)। মোক্তার রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের শামছুল ইসলামের ছেলে এবং জাহাঙ্গীর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের প্রয়াত আহম্মদ উল্লাহর ছেলে।
র্যাব কর্মকর্তা নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব-১১ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে শহরের উত্তর তেমুহনীর ওই মদের আড়তে অভিযান চালায়। মদের আড়তটি সরকার অনুমোদিত হলেও সেখানে নিয়মবর্হিভূতভাবে মদ বিক্রি করা হয়।
র্যাব সেখান থেকে আড়তের মালিক মোক্তার হোসেন ও ক্রেতা মো. জাহাঙ্গীর আলমকে আটক করে এবং এক হাজার ৫০০ লিটার চোলাই মদ জব্দ করে।
পরে জব্দ মদ এবং আটকদের গোয়েন্দা পুলিশে সোপর্দ করা হয় বলে জানান তিনি।
