চট্টগ্রামে ক্রিকেট দলের সংবর্ধনা স্থগিত
সিটি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও শোডাউনের মত ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
আবদুল বাতেন বলেন, “আমরা বিভাগীয় ক্রীড়া সংস্থা বরাবর চিঠি দিয়েছি সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করার জন্য।
“জাতীয় দল অনেক বড় অর্জন করেছে। তারা আমাদের গর্ব। আমরাও চাই জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান হোক তবে সেটা নির্বাচনের পরে হলে ভাল হবে।”
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এই চিঠিতে স্বাক্ষর করেন বলে জানান আবদুল বাতেন।
তিনি বলেন, এখনই মাইকিং করে দেওয়া হবে। নির্বাচনের পরে যে কেনো সময় সংবর্ধনা দেওয়া যাবে।
বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ সফলতা অর্জনে বাংলাদেশ দলের সংবর্ধনার আয়োজন করে ‘চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ’।
শুক্রবার বিকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের কথা ছিল।
তবে এবিষয়ে লিখিত কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।
রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা বিষয়ে এখনো লিখিত কোনো নির্দেশনা পাইনি।
এদিকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে এ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রভাব বলয় বিস্তার ও নির্বাচনী তহবিল তৈরির চেষ্টার অভিযোগ করা হয়।
এবার মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন একজন ক্রীড়া সংগঠকও। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠান হবে।
শুক্রবার সকালে বিমানযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা চট্টগ্রামে আসার কথা ছিল।
ওই সংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বক্তব্য রাখার কথা ছিল।
পুরো অনুষ্ঠানের বাজেট ধরা হয় ৩৫ লাখ টাকা, যার পুরোটাই দেয়ার কথা স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ।
বাজেটের সিংহভাগ খেলোয়াড়দের উপহারের পেছনে ব্যয় করা হবে বলে জানিয়েছিলেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলমগীর।
