২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বিভাগীয় কমিশনারকে হাই কোর্টে তলব

ঢাকা দক্ষিণের সংরক্ষিত ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার বিভাগীয় কমিশনারকে তলব করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:54 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে আগামী রোববার আদালতে হাজির হয়ে এই ব্যাখ্যা দিতে হবে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। 

রিট আবেদনকারী সুমাইয়া বেগমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানাতে একটি রুলও দিয়েছে আদালত। 

সুমাইয়া বেগম ঢাকা দক্ষিণের ১৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু হলফনামায় সই না থাকার কথা বলে গত ১ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

সুমাইয়া এর বিরুদ্ধে আপিল করলে ৪ এপ্রিল তা খারিজ করে দেন ঢাকার বিভাগীয় কমিশনার। 

এরপর প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে রিট করেন সুমাইয়া। আদালতে তার পক্ষে শুনানি করেন মো. শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

আদেশের পর শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলফনামায় সই না থাকায় সুমাইয়ার প্রার্থিতা বাতিল হয়। তবে একই ভুল থাকলেও অন্যদের মেনোনায়ন গ্রহণ করা হয়েছে, যা বৈষম্যমূলক।”

এ বিষয়ে ব্যাখ্যা দিতে আদালত রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।