ইয়াবাকেই বড় হুমকি মনে করছেন মাদক নিয়ন্ত্রকরা
বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নেশার বড়ি ইয়াবাই এখন বড় হুমকি বলে মনে করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বজলুর রহমান।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ‘মাদকদ্রব্য অপব্যবহার রোধ ও গণসচেতনতামূলক আলোচনা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এই অনুষ্ঠানের দিনই চট্টগ্রামের পাশের জেলা টেকনাফে দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। নেশার বড়ির এই চালান মিয়ানমার থেকে আসছিল।
অনুষ্ঠানে বজলুর রহমানও মিয়ানমারের বিষয়টি তোলেন।
“পারস্পরিক আলাপ-আলোচনার পর ভারত সরকার সীমান্ত এলাকায় কার্যকর পদক্ষেপ নেওয়ায় গত পাঁচ বছরে ভারত থেকে ফেনসিডিল প্রবেশ প্রায় ৩২ শতাংশ কমেছে। এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার থেকে আসা ইয়াবা।”
গত মার্চ মাসে মিয়ানমার সফরের সময় ইয়াবা নিবারণে পদক্ষেপের বিষয়ে সেদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক।
“তাদের বলেছি, তোমাদের ইয়াবার জন্য আমাদের তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে না। তারা আমাদের উদ্বেগকে আমলে নিয়েছে এবং এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে আগামী মে মাসের পাঁচ বা ছয় তারিখে ঢাকা সফরে আসার কথা জানিয়েছে।”
মাদক নিয়ন্ত্রণে আত্মসমালোচনা করা দরকার মন্তব্য করে বজলুর বলেন, “দুঃখজনক বিষয় হল আমরা এখনও মাদকাসক্তের সংখ্যা নির্ণয়ে কোনো বেজ লাইন ঠিক করতে পারিনি।
“অসমর্থিত সূত্রে সে সংখ্যা ৪০ থেকে ৪৫ লাখ। আমরা আগামী তিন থেকে চার মাসে আমরা একটা বেজ লাইন সার্ভে করব প্রকৃত মাদকাসক্তের সংখ্যা নির্ণয়ে।”
মাদক নিয়ন্ত্রণের সঙ্গে ১১টি মন্ত্রণালয় জড়িত জানিয়ে এর কাজে পূর্ণ ও কার্যকর সমন্বয় আনতে হবে বলে মনে করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক।
১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা পেলেও গত ২৫ বছরে উল্লেখযোগ্য কোনো অর্জন না থাকার জন্য সক্ষমতার অভাবকে দায়ী করেন তিনি।
“সক্ষমতা বৃদ্ধি না করে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার প্রত্যাশা বোকামি,” বলেন বজলুর রহমান।
