২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে দেড়লাখ ইয়াবা উদ্ধার, আটক ১১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিনটি অভিযানে এক লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট ও অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। অভিযানে মিয়ানমারের তিন নাগরিকসহ ১১ জনকে আটক করা হয়।  

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 05:24 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

বৃহস্পতিবার টেকনাফ সদরের নাজিরপাড়া, নাফনদীর মোহনা ও শীলবনিয়া পাড়ায় এ তিন অভিযান চালানো হয় বলে বিজবি জানিয়েছে।

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির একটি টহল দল নাজিরপাড়া গ্রামের মো. এনামুল হকের বাড়িতে অভিযান চালায়।

সেখান থেকে এনামুল হকসহ ছয় জনকে আটক করা হয়।

এছাড়া ৩০ হাজার ৭৯৮টি ইয়াবা ট্যাবলেট, এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ১০টি কিরিচ, একটি মোটরসাইকেল,  ইয়াবা সেবন ও প্যাকেট করার সরঞ্জাম উদ্ধার করা করা হয়।

এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এখানে আটক অন্যরা টেকনাফের চকবাজারের মৃত মিয়া হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৯), নাজিরপাড়ার নাজির আহমদের ছেলে মো. রেজাউল করিম (২৫), ইসলাম মিয়ার ছেলে মো. নূরু আলম (৩০), মৌলভী ফজল মিয়ার ছেলে মো. ফরিদুল আলম (২৮), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুনপাড়ার আবুল হোসেনের ঠেলে মো. ইমরান (১৮)।

লে. কর্নেল জাহিদ বলেন, সকাল ৭টার দিকে নাফনদীর মোহনা থেকে এক লাখ ২৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। এ সময় দুইটি ট্রলার জব্দ করা হয়।

আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান জাহিদ।

বিজিবি কর্মকর্তা জাহিদ আরও জানান, তৃতীয় অভিযান চালানো হয় শীলবনিয়া পাড়ায়। সেখান থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।

এরা হলেন টেকনাফ পৌর এলাকার শীলবনিয়া পাড়ার মৃত আহমদ আলীর ছেলে মো. নুরুল আমিন (৩৮) ও নুর মোহাম্মদের ছেলে মো. হোসেন (৩২)।

এ ঘটনায়ও টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।