২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্পারসোতে বিমান বাহিনীকে যুক্ত করার সুপারিশ

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) কাজের সঙ্গে বিমান বাহিনীকে যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:33 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি স্পারসোর সার্বিক কার্যক্রম নিয়ে আজকে তাদের উপস্থাপনা দেখেছে। কমিটি এর কাজে বিমান বাহিনীকে সম্পৃক্ত করার সুপারিশ করেছে।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসো ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালে আইনের মাধ্যমে এটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়।

কৃষি, বন, মৎস্য, ভূ-তত্ত্ব, মানচিত্র অঙ্কন, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে স্পারসো কাজ করে।

এদিকে সংসদীয় কমিটিতে স্পারসোর দেওয়া এক প্রতিবেদনে জনবল স্বল্পতার কারণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা হ্রাস পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানকে একটি দক্ষ ও কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করতে উন্নত যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং শূন্য পদে প্রশিক্ষিত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শেখ হেলাল উদ্দীন, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি ও হোসনে আরা বেগম বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।