দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ: খালেদা
সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটতে থাকলেও এর কারণ বের করে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৫ জন নিহত হওয়ার পর এক বিবৃতিতে একথা বলেছেন বিএনপি নেত্রী।
ওই ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বার্তায় খালেদা জিয়াকে উদ্ধৃত করে বলা হয়, “ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে ও আহত হয়েছে তাদের স্বজনদের মতো আমি গভীরভাবে ব্যথিত, শোকাবিভূত ও উদ্বিগ্ন।”
নিহতদের আত্মার মাগফিরাতের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
সড়ক দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করে বিএনপি প্রধান বলেন, “বারবার সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
“জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার কারণে মানুষের নিরাপত্তার বিষয়টি বার বার উপেক্ষিত থাকছে। একের পর এক দুর্ঘটনায় পুনরাবৃত্তিতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতিতেও সরকার কোনো কার্য্কর পদক্ষেপ গ্রহণ করছে না।”
