২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারে মন্ত্রীদের ঠেকাতে ইসির চিঠি

সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের পক্ষে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারি সুবিধাভোগীদের প্রচারে অংশ নেওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারে বিধিনিষেধ সম্পর্কে সজাগ করতে স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 01:55 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

বৃহস্পতিবার সকালে এই চিঠি পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা) সামসুল আলম জানিয়েছেন।

সিটি নির্বাচনের প্রচারে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সরকারি সুবিধাভোগীদের অংশ নেওয়া নিয়ে বুধবার এক নির্বাচন কমিশনারের হুঁশিয়ারির পর এই চিঠি দেওয়া হল।

সামসুল আলম বলেন, “জাতীয় সংসদ ও সরকারের কিছু ব্যক্তির নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার জন্যই কমিশনের এই চিঠি।”

ভোটের প্রচার শুরুর আগে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের একটি বৈঠক নিয়ে রিটার্র্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা হওয়ার পর সমালোচনা দেখা দেয়।

গত ৩১ মার্চ নগরীর জিইসি মোড়ের হোটেল পেনিনসুলার ওই বৈঠকে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছিলেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী জাবেদ বলেছিলেন, “নির্বাচন নিয়ে দলীয়ভাবে বসছি। নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে কথা হয়েছে।”

বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের পক্ষ থেকে এ নিয়ে অভিযোগ আসার পর তদন্ত করে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন গত ১ এপ্রিল ব্যবস্থার বিষয়ে নির্দেশনার জন্য কমিশনে চিঠি দেন।

নির্বাচনী আচরণবিধির ১৪ ধারায় সরকারি সুবিধাভোগীদের বিষয়ে বলা হয়েছে, “স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিরা স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।

“কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন না। তবে সংশ্লিষ্টরা ভোটার হলে এলাকায় ভোট দিতে পারবেন।”

তফসিল ঘোষণার পর এসব ব্যক্তি সরকারি প্রচারযন্ত্র ও যানবাহন বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহারও করতে পারবেন না।

মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারসহ সরকারি সুবিধাভোগীরা নির্বাচনী প্রচারে অংশ নিলে তা ‘আচরণবিধি বহির্ভূত কর্মকাণ্ড’ হিসাবে বিবেচিত হবে বলে বুধবার জানিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

আর আচরণবিধি বিরোধী কাজ করলে, তিনি যেই হোন, তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেছিলেন তিনি।

কমিশন সচিবালয়ের উপ-সচিব সামসুল জানান, স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণবিধি অনুসরণের বিষয়টি তুলে ধরা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।

পুরনো খবর:

অসুন্দরের অভিযোগ, তবে সব সুন্দর দেখছে ইসি
নাছির-হাছানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ