নাছির-হাছানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ
আওয়ামী লীগসমর্থিত মেয়রপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
সোমবার রাতে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে এসব অভিযোগ করা হয়।
বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দেলনের মেয়রপ্রার্থী মনজুর আলমের পক্ষে এ দুটি অভিযোগ করেন আব্দুল ওয়াহাব কাসেমী।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব এস ইউ এম নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে নগরীর জে এম সেন হল ও উত্তর কাট্টলীতে সমাবেশ থেকে প্রচারণা এবং হাছান মাহমুদের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে নিয়ে অশালীন-উসকনিমূলক ও চরিত্রহননকারী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
৫ এপ্রিল নগরীর জে এম সেন হলে সনাতনী নাগরিক সমন্বয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আ জ ম নাছির। ওই সভায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে নাছিরের জন্য ভোট চান হাছান মাহমুদ।
এর আগের দিন ৪ এপ্রিল নগরীর রীমা কমিউনিটি সেন্টারে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে হাছান মাহমুদ সদ্যসাবেক মেয়র মনজুর আলমকে পেট্রোল বোমার অর্থ ‘জোগানদাতা’ উল্লেখ করে বক্তব্য রাখেন।
ওই সভায় মনজুর আলম ও বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। পাশাপাশি মনজুর আলমকে ‘ব্যর্থ’ মেয়র আখ্যা দিয়ে তাকে আবার ভোট দিলে নগরীর কি দুরবাস্থা হতে পারে এমন চিত্র বর্ণনা করেন।
সোমবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের দেয়া অভিযোগে বলা হয়, সরকার দলীয় প্রার্থীর স্বপক্ষে নগরীতে ডিজিটাল ব্যানার তুলে ভোট চাওয়া হচ্ছে, যা আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।
পৃথক অভিযোগে বলা হয়- আচরণ বিধির ১৪(ক) এবং ১০(ক) ধারা লঙ্ঘন করে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ উসকানিমূলক, অশোভন, অশালীন ও ব্যক্তিগত চরিত্রহনন মূলক বক্তব্য দিয়েছেন।
অভিযোগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা ও ন্যায় বিচারের স্বার্থে আ জ ম নাছির ও হাছান মাহমুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এর আগে গত ১ এপ্রিল প্রার্থীর পক্ষে প্রতিমন্ত্রী ও সাংসদের নিয়ে নির্বাচনী বৈঠক করায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আচরণবিধি লঙ্ঘন করায় আ জ ম নাছির, নির্বাচনী বক্তব্য দেওয়ায় চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ দেয় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ‘নির্বাচনী’ বৈঠক বিষয়ে জানতে ৫ এপ্রিল নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। দৃশ্যমান বজায় রাখতে বলা হয়েছে পুলিশ কমিশনারকে।
৫ এপ্রিল মেয়র প্রার্থী আ জ ম নাছিরকে সর্তক করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এরআগে ২৪ মার্চ কমিউনিটি সেন্টার ভাড়া করে সভায় করা, প্রচারণা চালানো এবং পোস্টার লাগানোয় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে ২৯ মার্চ রিটার্নিং কর্মকর্তাকে মৌখিক অভিযোগ দেয়া হয়।
গত ৩০ মার্চ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নাছিরকে কারণ দর্শানোর নোটিস দেন রিটার্নিং কর্মকর্তা।
