ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ২৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
বুধবার রাত সোয়া ১টার দিকে উপজেলার কইডুবি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের এএসপি বেলাল হোসাইন জানান।
‘সোনারতরী’ পরিবহনের বাসটি রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ ও পাঁচ জন নারী।
আহত ২০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
আহত যাত্রীদের বরাত দিয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুজ্জোহা বলেন, দ্রুত গতিতে থাকা বাসটি ভাঙ্গা মোড় পেরিয়ে টেকেরহাটের দিকে দেড় থেকে দুই কিলোমিটার যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে আরো কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে যায় বাসটি।
নিহতদের লাশ হাইওয়ে পুলিশের ভাঙ্গা থানায় রাখা হয়েছে। ওই বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে পুলিশ কর্মকর্তা বেলাল জানান।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী সকালে সেখানে গিয়ে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন।
আহতদের চিকিৎসার ব্যয়ভার জেলা প্রশাসন বহন করবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। দুই দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে। এ কমিটিকে প্রতিবেদনের জন্য সময় দেওয়া হয়েছে সাত দিন।
