ঢাকায় লড়াইয়ে ফিরলেন ৬১ জন
মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদ মিলিয়ে মোট ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সিটি করপোরেশন নির্বাচনের লড়াইয়ে ফেরা এসব প্রার্থীর মধ্যে মেয়র প্রার্থী রয়েছেন একজন।
ঢাকার দুই সিটি করপোরেশনে এখন মোট এক হাজার তিনশ’র বেশি বৈধ প্রার্থী। এরমধ্যে উত্তরে মেয়র পদে ১৯ জন ও দক্ষিণে মেয়র পদে ২৪ জন প্রার্থী রয়েছেন।
মঙ্গলবার পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান শুনানি নিয়ে ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।
শুনানির শেষ দিনে বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান জানান, গত তিন দিনে মেয়র পদে পাঁচজন এবং কাউন্সিলর পদে ১৭১ জন মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আপিল করেছিলেন।
এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে রেজাউল করিম চৌধুরীসহ ৬১ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আয়কর সংক্রান্ত কাগজপত্র ঠিকমতো না পাওয়ায় রেজাউলের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ১০ এপ্রিল।
২৮ এপ্রিল ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম ও মিহির সারওয়ার মোর্শেদ জানান, নির্ধারিত দিনে বা এর আগে প্রার্থী নিজে কিংবা তার পক্ষে লিখিতভাবে অনুমোদিত কোনো প্রতিনিধি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
মঙ্গলবার পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি।
থাকছে অতিরিক্ত প্রতীক
বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার পরদিন অর্থাৎ শুক্রবার প্রার্থীদের প্রতীক দেওয়া হবে। এক্ষেত্রে মনোনয়নপত্রে উল্লেখ করা প্রার্থীর পছন্দের প্রতীক দেওয়ার বিধান রয়েছে।
তবে একই প্রতীক একাধিক ব্যক্তি চাইলে লটারির মাধ্যমে বিষয়টির সুরাহা করবেন রিটার্নিং কর্মকর্তা।
মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৩৪টি (মেয়র ১২, সংরক্ষিত ১০ ও সাধারণ ১২) প্রতীক রয়েছে ইসির কাছে।
তবে অনেক পদে এর চেয়ে বেশি সংখ্যক প্রার্থী থাকায় অতিরিক্ত আরো দুই ডজন প্রতীক রাখা হয়েছে বলে নির্বাচন কমিশনের উপ-সচিব সামসুল আলম জানিয়েছেন।
