২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা অবৈধ বিলবোর্ডে ‘ঢাকা’

অনুমোদনহীন বিলবোর্ডে অনেকটাই ঢেকে গেছে ঢাকার ব্যস্ত সড়কের আশপাশ ও ভবন। দেখভালে কর্তৃপক্ষ থাকলেও নেই তাদের ‘কর্তৃত্ব’।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 09:12 AM

Updated : 12 Oct 2022, 03:31 PM

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদন ছাড়া বিলবোর্ড স্থাপন বেআইনি কাজ হলেও এ নিয়ে শাস্তির বিধান নেই। আর তাই পার পেয়ে যাচ্ছেন অবৈধ স্থাপনকারীরা।

নিয়ম অনুযায়ী ঢাকা সিটিতে সর্বোচ্চ ছয়শ’ বর্গফুট আয়তনের মধ্যে বিলবোর্ড নির্মাণের বাধ্যবাধকতা থাকলেও বিজ্ঞাপনী সংস্থাগুলো যে বিলবোর্ড স্থাপন করছেন তার আয়তন এক হাজার থেকে ১২শ’ বর্গফুটের মধ্যেই থাকে বলে সিটি করপোরেশন বলছে।

বিশাল আকৃতির বিলবোর্ড নির্মাণের ফলে ঝুঁকিও বেড়ে যায় কয়েকগুণ। কোনো কোনো সময় ঝোড়ো বাতাসে এসব ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটছে।

গত শনিবার এমনই একটি ঘটনায় বিজয় সরণিতে প্রাণ হারান দুই নির্মাণ শ্রমিক। শাহবাগে বিলবোর্ড ভেঙে আহত হন একজন সংসদ সদস্য ও তার গাড়িতে থাকা কয়েকজন সঙ্গী।

একই দিন ঝড়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনাও ঘটে।

এসব বিষয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খানের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অবৈধ বিলবোর্ড স্থাপনের জন্য কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নজির নেই। তবে সিটি করপোরেশন থেকে বিভিন্ন সময় অবৈধ বিলবোর্ডগুলো ভেঙে বাজেয়াপ্ত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞাপন ও সৌন্দর্যবর্ধন বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন উপ-সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো বিলবোর্ডের পেছনে সিটি করপোরেশন বা দায়িত্বপ্রাপ্ত সরকারি দপ্তরের অনুমোদন নম্বর লেখার নিয়ম থাকলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই তা অনুপস্থিত। সে কারণে কোনটি বৈধ আর কোনটি অবৈধ তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।

“আবার আমরা যেগুলোর অনুমোদন দেই সেগুলো নিয়ম মেনে বসানো হয় না। অনুমোদন পেয়ে বিজ্ঞাপন সংস্থার মালিকরা নিজেদের ইচ্ছে মতো নির্ধারিত আয়তনের বাইরে বিলবোর্ড স্থাপন করে।”

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী ঢাকায় বৈধ বিলবোর্ডের সংখ্যা প্রায় ১২শ’; তবে অবৈধের সংখ্যা কয়েক হাজার।  

অবৈধ বিলবোর্ড নিয়ন্ত্রণে পুলিশেরও দায়দায়িত্ব রয়েছে মন্তব্য করে ডিসিসি দক্ষিণের একজন কর্মকর্তা বলেন, অধিকাংশ অবৈধ বিলবোর্ড বসানো হয় রাতের আঁধারে, যা হাতেনাতে ধরা ডিসিসির জন্য অত্যন্ত কঠিন।

“তবে সেই সময় সংশ্লিষ্ট থানার টহল পুলিশ বিলবোর্ড স্থাপনকারীদের কাছে অনুমোদনপত্র দেখতে চাইলেই কেবল অবৈধ বিলবোর্ড নিয়ন্ত্রণ সম্ভব।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসাধু ব্যবসায়ীরা অন্য জায়গায় বিলবোর্ড নির্মাণ করে রাতারাতি বিভিন্ন স্থানে তা বসিয়ে দেয়। সে কারণে অবৈধ বিলবোর্ড স্থাপন নিয়ন্ত্রণ করা বা এর হিসাব রাখা সম্ভব হয় না।

“একদিকে উচ্ছেদ করে অন্য অঞ্চলে যেতে যেতে তার আবার বিলবোর্ড এনে বসিয়ে দেয়। এগুলো চলমান প্রক্রিয়া, তাই কয়টি বিলবোর্ড অনুমোদনহীন আছে তা নির্দিষ্ট করে বলা কঠিন।”

ডিসিসি দক্ষিণের বিজ্ঞাপন বিভাগ থেকে জানা যায়, গত দেড় বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৮টি অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড কাটা হয়েছে। এ অঞ্চলে বিলবোর্ড-মেগাসাইন, মিনিপোল, ইলেক্ট্রিক সাইন মিলে ছোট-বড় সাত শতাধিক বিলবোর্ডের অনুমোদন রয়েছে। তবে বাস্তবে যে কী পরিমাণ বিলবোর্ড রয়েছে তার সঠিক হিসাব নেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিলবোর্ড ইজারার দায়িত্বে থাকা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ডিএনসিসির অনুমোদন নিয়েও অনেকে বড় আকৃতির বিলবোর্ড নির্মাণ করে বসে। এক হাজার থেকে ১২শ’ বর্গফুট আয়তনের বিলবোর্ডও বিভিন্ন স্থানে স্থাপন করা হয়, যা দুর্ঘটনার অন্যতম কারণ।

এসব বিষয় তদারকিতে করপোরেশনের দুর্বলতার কথাও স্বীকার করেন তিনি।

বিপন কুমার সাহা বলেন, “আমাদের পর্যাপ্ত জনবল নেই। অবৈধ বিলবোর্ড নিয়ন্ত্রণ করতে হলে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালাতে হয়। লোকবলের অভাবে এ ধরনের অভিযান সব সময় করা সম্ভব হয় না। এছাড়া বিলবোর্ড ভাঙার জন্য শক্তিশালী ক্রেনও সিটি করপোরেশনের নেই।”

সিটি করপোরেশনের অনুমতি ছাড়া বিলবোর্ড নির্মাণের জন্য কারও শাস্তি হয়নি- এমন তথ্য জানালে তিনি এই প্রতিবেদকের কাছে তা স্বীকার করে বলেন, এখন থেকে তাদের বিরুদ্ধে উচ্ছেদের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। 

“মঙ্গলবারই রাজধানীর তেজগাঁওয়ে প্রায় একহাজার বর্গফুট আয়তনের একটি বিলবোর্ড চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। এর মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।”

অন্যায়ভাবে বিলবোর্ড স্থাপন করলে এর জন্য আইনে কোনো শাস্তি আছে কি না জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍নির্দিষ্ট কোনো আইন না থাকলেও ১৯৮৬ সালের রাজস্ব আইনের ৭০(২) ধারা অনুযায়ী মামলা করা যাবে।