বাধ্য হয়েই খালেদার আত্মসমর্পণ: আমু
একাত্তরের মতোই বাংলাদেশকে খালেদা জিয়া মেধাশূন্য করার পরিকল্পনায় ছিলেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্প্রিংফিল্ডে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আমু বলেন, “একাত্তরের বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নের মধ্য দিয়ে পাক হায়েনার দল বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। ঠিক একইভাবে পাকিস্তানের মত বাংলাদেশকেও জঙ্গিরাষ্ট্রে পরিণত করার মতলবে বেগম খালেদা জিয়া এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়েও টানা হরতাল-অবরোধের চেষ্টা করেছিলেন।”
তবে বিএনপি চেয়ারপারসন ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য আরও বলেন, “বলতে দ্বিধা নেই যে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছেন বেগম খালেদা জিয়া।”
“শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্ব আজ সারাবিশ্বে প্রতিষ্ঠিত। এ সত্যকে ধারণ করে বাংলাদেশের সকলকে গণতান্ত্রিক রীতিতে রাজনীতি করতে হবে। জ্বালাও-পোড়াওয়ের দিন শেষ । বাংলার মানুষ আর অযৌক্তিক হরতালে সাড়া দেবেন না।”
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বির আহমেদ।
সভা পরিচালনা করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সেক্রেটারি মাহমুদুন্নবী বাকি।
আলোচনায় আরও অংশ নেন মো. আলাউদ্দিন, ড. গোলাম ফরিদ আকতার, জিয়াউদ্দিন খান, জীবক বড়ুয়া. দস্তগীর জাহাঙ্গির, নূরল আমিন, রফিকুল হক, শামসুজ্জোহা তালুকদার প্রমুখ।
গত ২৫ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আমির হোসেন আমু। তিনি নিউইয়র্কে কয়েকটি সভায় অংশগ্রহণ ছাড়াও অটিজম দিবস উপলক্ষে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।
