চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তা ওএসডি
দুই এইচএসসি পরীক্ষার্থীকে আদালতে রিট করার ‘পরামর্শ দেওয়ায়’ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বৈঠকের সিদ্ধান্তে মাধ্যমিক শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওসমান গণিকে ওএসডি করা হয় বলে জানান বোর্ড সচিব ড. পীযুষ কান্তি দত্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই দুই শিক্ষার্থীর অভিযোগে প্রেক্ষিতে ওসমান গণিকে ওএসডি করা হয়েছে।
“বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা জানান, বিএফ শাহীন কলেজ ও সিডিএ পাবলিক কলেজের দুই শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরণ করতে দেয়নি।
এই বিষয়ে ওই দুই শিক্ষার্থী উচ্চ আদালতে রিট করেছে বলে বোর্ডে কাগজ পাঠায়।
তিনি জানান, রিটের বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ তদন্ত করলে তা ভূয়া প্রমাণিত হয় এবং তাদের পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখে।
এদিকে ওই দুই শিক্ষার্থীকে রিটের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা মাধ্যমিক শাথার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ওসমান গণি রিট করার ব্যাপারে তাদের পরামর্শ দিয়েছেন বলে লিখিতভাবে জানায়।
