২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বাগেরহাটের শরণখোলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 10:44 AM

Updated : 25 Apr 2022, 01:13 PM

পুলিশ বলছে, নিহত বেল্লাল ফরাজি (৩৫) সুন্দরবনের দস্যুবাহিনী ‘বেল্লাল বাহিনীর’ প্রধান এবং আহত ফরহাদ মুন্সি তার সহযোগী।

সোমবার রাত আড়াইটার দিকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার শরণখোলা বাজারের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নিজাম উল হক মোল্লা জানান।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি বন্দুক ও ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুলিশ সুপার নিজাম বলেন, শরণখোলার পানিরঘাট এলাকার হাবিব হাওলাদারের পরিত্যক্ত বাগানে অস্ত্র নিয়ে ৫-৬ জন দস্যুর অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

“এ সময় দস্যুরা গুলি চালালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত ও আহত একজনকে পাওয়া যায়।”

নিহত বেল্লাল মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের খোকন ফরাজির ছেলে। ফরহাদ একই উপজেলার বাড়ইখালি গ্রামের মকবুল মুন্সির ছেলে।

পুলিশ সুপার জানান, ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ ফরহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।