২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্র মেধাবীর শিক্ষায় অনুদান চাইলেন প্রধানমন্ত্রী 

দরিদ্র মেধাবীদের উচ্চশিক্ষার জন্য গঠিত শিক্ষায় সহায়তা ট্রাস্ট তহবিলে দেশের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থ অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

রোববার নিজ কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড উপদেষ্টা কমিটির’ সভায় তিনি এ আহ্বান জানান বলে তার প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠনের পর প্রথমে স্নাতক পর্যায়ের দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য বৃত্তি দেওয়া হলেও গত অর্থবছর থেকে ছাত্রদেরকেও দেওয়া হচ্ছে। বৃত্তি পাওয়াদের মধ্যে ৭৫ শতাংশ ছাত্রী, বাকি ২৫ শতাংশ ছাত্র।  

২০১২-২০১৩ অর্থবছরে এ তহবিল থেকে ১ লাখ ১৬ হাজার ছাত্রীকে ৭২ কোটি টাকা বৃত্তি দেওয়া হয়। ২০১৩-২০১৪ অর্থবছরে ১ লাখ ৭৪ হাজার ৪৪৬ জন ছাত্র-ছাত্রীকে ৯৮ কোটি ৩ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়।

সভায় সরকারের চলতি মেয়াদের মধ্যেই দেশে দারিদ্র্যর হার আরও ১০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ কারণেই ভোকেশনাল ও কারিগরি শিক্ষায় ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।   

সরকারের দেওয়া ১০০ কোটি টাকা দিয়ে ট্রাস্ট ফান্ডের যাত্রা শুরু হয়। এ অর্থ পাঁচটি তফসিলি ব্যাংকে ১০টি এফডিআর হিসাবে জমা আছে।

সেখানে সুদের আয়ে বৃত্তি দেওয়ার পরও ওই ফান্ডে বর্তমানে ১০৮৪ কোটি ৭৩ লাখ টাকা রয়েছে।

ভবিষ্যতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান থেকে এ তহবিলের আকার আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দরিদ্র মেধাবীদের ও দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের সহায়তার জন্য সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করণে আর্থিক সহায়তা নীতিমালা, ২০১৫’ এবং ‘দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৫’ প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাস্ট ফান্ডের তহবিল থেকে বৃত্তি দেওয়ার উদ্দেশ্য উচ্চশিক্ষার পাশাপাশি অভিভাবকদের ওপর থেকেও বোঝা কমানো।

এখন থেকে ট্রাস্ট ফান্ডের বৃত্তি দেশব্যাপী একইদিনে দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানান প্রেস সচিব।