সিলেটে নর্দমায় যুবকের গলাকাটা লাশ
সিলেট শহরের একটি নর্দমা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আক্তার হোসেন রাহুল (৩৬) নগরীর পুরাতন মেডিকেল কলোনি এলাকার বাসিন্দা তারক চন্দ্র দাসের ছেলে। সম্প্রতি তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মগ্রহণ করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকার একটি ড্রেন থেকে রাহুলের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, দুপুরে রিকাবীবাজার এলাকার মাদার কেয়ার পলি ক্লিনিক ও ইয়াকুব ম্যানশনের মাঝের ড্রেনে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে রাহুলের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলের পাশে তার ব্যবহার করা মোটরসাইকেলটিও পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, রাহুলের মাথা ও কানের বাম পাশে রক্তাক্ত জখম রয়েছে। কেউ তাকে হত্যার পর লাশ ফেলে যায় ধারণা করা হচ্ছে।
হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
