খেলা নিয়ে বিরোধ, ব্যাটের আঘতে কিশোরের মৃত্যু
গোপালগঞ্জ সদর উপজেলায় ক্রিকেট খেলার সময় বিরোধের জেরে প্রতিপক্ষের ব্যাটের আঘতে স্কুলপড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে।
সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, রোববার সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামিম খান নামে ১৪ বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত তামিম সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের মো. রমজান আলী খানের ছেলে। সে পাইককান্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ত।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ সদস্য সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের দিন শনিবার বিকেলে গ্রামের উত্তরপাড়া মাঠে ক্রিকেট খেলার সময় একজনের রান আউট নিয়ে ঝগড়া বাঁধে। এ সময় মিথুন নামে এক কিশোর গালাগাল শুরু করলে আশিক নামে আরেকজন তাকে মারধর করে।
“তামিম বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে আশিক হাতের ব্যাট দিয়ে পিটিয়ে তামিমকে গুরুতর আহত করে।”
তামিমকে সদর হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয় বলে এসআই সিরাজ জানান।
তিনি বলেন, ঘটনার পর থেকেই আশিককে এলাকায় দেখা যাচ্ছে না বলে এলাকাবাসী জানিয়েছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
