ঝড়ে ভাঙা গাছ কার-তা নিয়ে ‘মামার হাতে’ ভাগ্নে খুন
রাজশাহীর কাটাখালী পৌরসভায় ঝড়ে ভেঙ্গে পড়া গাছের মালিকানা নিয়ে সংঘর্ষের সময় এক ব্যক্তি তার ভাগ্নেকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাখরাবাদ গ্রামে এ ঘটনায় হামলাকারীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
মতিহার থানার ওসি আবদুর রউফ জানান, নিহত মিঠুন (৩৪) ওই গ্রামের একরামুল হকের ছেলে।
ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপানোয় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান ওসি।
হামলাকারী মোজাম্মেল হক (৪২) ও তার ছেলে স্বপনও (২২) আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আটক বাকি চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রউফ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি জমি নিয়ে মামা-ভাগ্নের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।
“শনিবারের ঝড়ে ওই জমির একটি শিশু গাছ ভেঙে পড়ে। পরদিন সকালে মোজাম্মেল গাছটি কাটতে গেলে মিঠুন তাতে বাধা দেন।
“এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে মিঠুন তার মামা মোজাম্মেল ও মামাতো ভাই স্বপনকে লাঠি দিয়ে আঘাত করে। ক্ষুব্ধ মোজাম্মেল তার হাতে থাকা ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে মিঠুনকে পাল্টা জখম করে।”
পরে স্থানীয়রা এগিয়ে এসে মিঠুন, মোজাম্মেল ও স্বপনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। পথেই মিঠুনের মৃত্যু হয়।
পরে পুলিশ হাসপাতালে গিয়ে বাবা ও ছেলেকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
এছাড়া ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বাকি চারজনকে আটক করে পুলিশ।
