বকশিবাজারে আদালত ঘিরে কড়া নিরাপত্তা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদালত ভবনের আশপাশ ও সামনের মাঠে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আশপাশের সড়কে রয়েছে পুলিশ ও র্যাবের উপস্থিতি।
চকবাজার থানার পরিদর্শক (পেট্রোল) সাইফুল ইসলাম বলেন, খালেদা জিয়ার হাজিরা ঘিরে আদালত চত্বর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
“যে কোনো ধরনের অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে আইশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।”
বুধবার সকালেই ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়। সাঁজোয়া যান (এপিসি), জলকামান নিয়ে আদালতের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি র্যাবের টহল যানও দেখা গেছে।
সকাল ১০টার দিকে বকশিবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা দিকের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
আদালতে ঢোকার প্রধান ফটকেও কড়াকড়ি রয়েছে পুলিশ। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত আইনজীবী ছাড়া অন্যদের সেখানে আটকে দেওয়া হচ্ছে।
আদালত চত্বরের সামনের সড়কে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির কয়েকটি গাড়ি অবস্থান নিয়েছে।
