২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ওয়েবসাইট ফিরেছে

‘হ্যাকড’ হওয়া দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট পুনরুদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 11:26 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, শনিবার সকাল থেকে চেষ্টার পর দুপুরের দিকে সাইট ফিরে আসে।

প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সিস্টেম অ্যানালিস্ট এবং আইটি বিভাগ দুপুরের আগে সাইটটি মেরামত করেছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এফ এস নামে হ্যাকারদের একটি গ্রুপ বৃহস্পতিবার রাতে দুদকের ওয়েবসাইটের দখল নিয়ে কালো জমিনে লাল রঙে বিবৃতি ঝুলিয়ে দেয়।

রোমান হরফে সেখানে লেখা দেখা যায়,“ লুল সিকিউরিটি…সাইট খুললেই যদি ধরা খাইয়া যান তাইলে কেমনে কি? আর এসিসি হয়ে দুর্নীতি করা বন্ধ করেন।টিম সিসি জ্বালাজ্বালি বন্ধ করেন। আমি আগে খাইসি এটা। এনজয় দি মিউজিক রিডিফেইস, আমি আপনাদেরই বাংলাদেশী হ্যাকার।”

এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ক্লোজআপ ওয়ান তারকা সালমার,‘তুমি দিও নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া’ গানটি।

গত ৩১ মার্চ নতুন এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,“ দুদক আজ এক নতুন যুগে পদার্পন করল। দুদকের বিভিন্ন কার্যক্রম স্বচ্ছভাবে প্রকাশ করার সুযোগ আমাদের সামনে এসেছে। যে কেউ এক ক্লিকে যে কোন স্থান থেকে দুদকের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।”

পুরনো খবর:

‘নতুন যুগে’ প্রবেশ করেই ‘হ্যাকড’ দুদক সাইট