২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন যুগে’ প্রবেশ করেই ‘হ্যাকড’ দুদক সাইট

নতুন যুগে পদার্পণের ঘোষণা দিয়ে উদ্বোধনের দুই দিনের মাথায় হ্যাকারদের কবলে পড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 02:03 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

পুরনো খবর:

নতুন ওয়েবসাইটে দুদক

‘এফএস’ নামে হ্যাকারদের একটি গ্রুপ বৃহস্পতিবার রাতে দুদকের ওয়েবসাইটের দখল নিয়ে কালো জমিনে লাল রঙে বিবৃতি ঝুলিয়ে দেয়।

রোমান হরফে সেখানে লেখা দেখা যায়, “লুল সিকিউরিটি...সাইট খুললেই যদি ধরা খাইয়া যান তাহলে কেমনে কি? আর এসিসি হয়ে দুর্নীতি করা বন্ধ করেন। টিম সিসি জ্বালাজ্বালি বন্ধ করেন। আমি আগে খাইছি এইটা। এনজয় দ্য মিউজিক ডোন্ট রিডিফেইস, আমি আপনাদেরই বাংলাদেশি হ্যাকার।”

এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ক্লোজআপ ওয়ান তারকা সালমার ‘তুমি দিও নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া...’ গানটি।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের আইটি বিভাগকে ওয়েবসাইট ঠিক করতে বলা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে।

“কারা দুদকের ওয়েবসাইট হ্যাক করেছে তা বের করা হবে।”

তবে বেলা ১২টার সময়ও দুদকের ওয়েবসাইটে (http://www.acc.org.bd/) ঢুকে দেখা যায় তা পুরোপুরি ঠিক হয়নি। দুদকের লোগোর জায়গায় তখনো হ্যাকারদের কীর্তির ছাপ স্পষ্ট। এরপর বেলা ১টার দিকে ওই লিংকে গেলে নোটিস দেখা যায়- ‘Site is under Maintenance’।

দুদকের ওয়েবসাইট খুঁজতে গুগলে সার্চে গেলে দেখা যায়, কমিশনের ওয়েব ঠিকানার সঙ্গে পরিচিতির জায়গায় লেখা রয়েছে-  HAcked By FS. #Bangladeshi hacker. Message: your site....is too damn vulnerable :/ you know something.i am a good guy ^_^ i didn't delete anything <3 but if i were a bad guy :o then what could happen? :o then i would just delete your things :P FIX your site as soon as possible :) Hacked by a bangladeshi hacker.

গত ৩১ মার্চ বাংলা ও ইংরেজি দুই ভাষায় নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দুদক আজ থেকে নতুন যুগে পদার্পণ করল। দুদকের বিভিন্ন কার্যক্রম স্বচ্ছভাবে প্রকাশ করার সুযোগ আমাদের সামনে এসেছে। যে কেউ এক ক্লিকে যে কোনো স্থান থেকে দুদকের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।”