পরিবেশ দূষণে চট্টগ্রামে ইস্পাত কারখানা সিলগালা
পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম নগরীর মইজ্জারটেক এলাকায় একটি ইস্পাত কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মো. আলমগীরের এ অভিযান পরিচালনা করেন।
এছাড়া একই অপরাধে দায়ে আরো সাত কারখানার মালিককে সমন জারি করা হয়েছে।
শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে থাকা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ বলেন, অভিযানে আহসা স্টিল মিল নামের একটি ইস্পাত কারখানা সিলগালা করা হয়েছে।
“কারখানাটি থেকে নির্গত বিপুল পরিমাণ ধোঁয়া আশেপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছিল। ধোঁয়া নির্গমণ বন্ধে নিরোধক যন্ত্র বসাতে মিল কর্তৃপক্ষকে নোটিশও দেওয়া হয়েছিল”
নোটিশ অমান্য করে পরিবেশ দূষণ অব্যাহত রাখায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বলেন, আগামী ১৬ এপ্রিল মিল কর্তৃপক্ষকে শুনানিতে অংশ নেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
এছাড়া মইজ্জেরটেক এলাকার আশপাশে আরো সাতটি কারখানা পরিদর্শন করে দূষণের প্রমাণ পাওয়া গেছে। ওই কারখানার মালিকদেরও ১৬ এপ্রিল শুনানীতে ডাকা হয়েছে।
