২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতিতে আ.লীগ সমর্থকদের নিরঙ্কুশ জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পদকসহ ১১টি পদের সবকটিতে জয় পেয়েছে সরকার দল সমর্থিত হলুদ প্যানেলের প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 09:49 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

শনিবার রাতে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে নির্বাচন কমিশনার ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ইনস্টিটিউটের অধ্যাপক মো. মহিউদ্দিন এ ফল ঘোষণা করেন।

মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আবুল মনছুর সভাপতি, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এসএম খসরুল আলম কুদ্দুসী সাধারণ সম্পাদক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ালিং বিভাগের অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী কোষাধ্যক্ষ, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্ত্তী সহ-সভাপতি ও মেরিন সায়েন্সের সহকারী অধ্যাপক অহিদুল আলম যুগ্ম সম্পাদক হয়েছেন।

সদস্য হয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, মোহাম্মদ কামরুল হুদা, ড. সুপ্তিকণা মজুমদার, সাহিদুর রহমান, সজীব কুমার ঘোষ, অরূপ বড়ুয়া জয়ী হয়েছেন।

সভাপতি পদে হলুদ প্যানেলের আবুল মনছুর পেয়েছেন ৪৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলের শওকতুল মেহের পেয়েছেন ২৪৫ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের খসরুল আলম কুদ্দুসী পেয়েছেন ৪৬৩ ও সাদা প্যানেলের ড. মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ২১৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে হানিফ সিদ্দিকী পয়েছেন ৪৪০ ভোট ও তার প্রতিদ্বন্ধী শফিকুল ইসলাম পেয়েছেন ২৪৬ ভোট পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে শ্যামল রঞ্জন চক্রবর্ত্তী ৪২৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে অহিদুল আলম ৪০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নির্বাচনে ৮৬৬ শিক্ষকের মধ্যে ৭২৬ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী এক বছরের জন্য শিক্ষক সমিতির নেতৃত্ব ঠিক করেন।

এদের মধ্যে তিন দফায় ২৫৪ জন শিক্ষক অগ্রিম ভোট দেন।

নির্বাচনের ফলাফল নিয়ে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিত চবি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন বলেন, এ সরকারের আমলে দলীয় বিবেচনায় বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়েছে।

নিয়োগকৃত এ শিক্ষকদের কারণে সাদা প্যানেলের শিক্ষকদের পরজয় বলে মনে করেন তিনি।

এদিকে জয়ের পর আওয়ামীলীগ-বামপন্থী ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহবায়ক অধ্যাপক ড. ইমরান হোসেন বলেন, ২০১১ সাল থেকে হলুদ প্যানেল জয়ী হয়ে আসছে।

দলমত নির্বিশেষে সকল শিক্ষকের অধিকার আদায়ে স্বোচ্চার থাকার কারণে হলুদ প্যানেল বারবার জয়ী হয় বলেও মনে করেন এই শিক্ষক নেতা।