২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাই কোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি

চট্টগ্রামে হাই কোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে ৩০ এপ্রিলের মধ্যে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 04:12 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘হাই কোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আদালতের পিপি আবুল হাশেম বলেন, ২০১০ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ (অস্থায়ী বেঞ্চ) স্থাপন সংক্রান্ত একটি আগ্রহপত্র প্রধান বিচারপতির কার্যালয়ে পাঠানো হয়।

“বেঞ্চ স্থাপনের জন্য প্রশাসনিকভাবে রেলওয়ের সম্মতিক্রমে চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) স্থান নির্ধারণও হয়েছিল। ২০১১ সালের ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রধানমন্ত্রীর আগ্রহপত্রটি উত্থাপিত হয়। দুর্ভাগ্যের বিষয়, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি মুলতবি করা হয়।”

“পত্রিকায় খবর প্রকাশিত হয়, সুপ্রিম কোর্ট সরকারের প্রস্তাব অনুসারে সার্কিট বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেবে না। প্রয়োজন হলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। এরপর চার বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। তাই আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে আন্দোলনের পথে এগোতে চাই।”

আইনজীবীরা জানান, ১৯৮২ সালের ১১ মে চট্টগ্রামে হাই কোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হয়। এইচ এম এরশাদের সামরিক শাসনামলে ১৯৮৬ সালের ১৭ জুন সামরিক ফরমানের ৪ (এ) ধারা সংশোধন করে স্থায়ী বেঞ্চকে সার্কিট বেঞ্চ (অস্থায়ী) করা হয়।

সংবিধান পুনরুজ্জীবনের পর সংবিধানের অনুচ্ছেদ-১০০ অনুসারে সার্কিট বেঞ্চের বিধান থাকায় চট্টগ্রামসহ দেশের ছয়টি সার্কিট বেঞ্চ বহাল থেকে যায়। কিন্তু সংবিধানের অষ্টম সংশোধনীর ২(ক) অনুচ্ছেদ অনুসারে ছয়টি সার্কিট বেঞ্চই আবার স্থায়ী বেঞ্চের মর্যাদা লাভ করে। 

এরপর ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাই কোর্ট বিকেন্দ্রিকরণ সংক্রান্ত অষ্টম সংশোধনীর ২(ক) অনুচ্ছেদটি বাতিল ঘোষণা করে। ফলে চট্টগ্রাম, রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা ও সিলেটের হাই কোর্ট বেঞ্চগুলো ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়।

তবে রায়ে সংবিধানের ১০০ অনুচ্ছেদ বহাল রাখা হয়। সাম্প্রতিক সংশোধনের পরও অনুচ্ছেদটি বহাল আছে জানিয়ে তার ভিত্তিতে চট্টগ্রামে হাই কোর্ট বেঞ্চ চাওয়া হচ্ছে বলে অ্যাডভোকেট আবুল হাশেম জানান।

সংবিধানে ‘সুপ্রিম কোর্টের আসন’ শিরোনামের ১০০তম অনুচ্ছেদে বলা আছে- রাজধানীতে সুপ্রিম কোর্টের আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন, সেই স্থান বা স্থান সমূহে হাই কোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের প্রধান সমন্বয়কারী মো. কাশেম কামাল বলেন, সব দেশেই জাহাজ ও বন্দর সংক্রান্ত মামলার জন্য হাই কোট মর্যাদার এডমিরাল কোর্ট হয় বন্দর নগরীতে। অথচ এডমিরাল কোর্ট চট্টগ্রামে না করে ঢাকায় প্রতিষ্ঠিত করা হয়।

সংবিধান মতে হাই কোর্টের সার্কিট বেঞ্চ ও এডমিরাল কোর্ট চট্টগ্রামে প্রতিষ্ঠা করা সম্ভব হলে ভুক্তভোগীদের খরচ ও সময় সাশ্রয় হবে বলে দাবি পক্ষে যুক্তি দেখান তিনি।

কাশেম কামাল বলেন, “চট্টগ্রামবিদ্বেষী অনেকেই মানসম্পন্ন আইনজীবী ও অবকাঠামো নেই দাবি করেন। এটা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর কৌশল।”

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে দাবি জানানো হয়।

সরকারকে হুঁশিয়ার করে কাশেম কামাল বলেন, “দীর্ঘ ২৫ বছরে অনেক রাজনৈতিক নেতা বারবার প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেননি। ৩০ এপ্রিলের মধ্যে পরবর্তী পদক্ষেপ গৃহীত না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী কবির চৌধুরী, শামসুদ্দিন আহমেদ মির্জা ও পরিষদের সদস্য সচিব আইনজীবী শঙ্কর প্রসাদ দে।