জয়পুরহাটে গাছের ডাল ভেঙে শিশুর মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গাছের ডাল ভেঙে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন শিশুটির দাদা।
মৃত শাকিব উপজেলার দক্ষিণ রামশালা গ্রামের বাবু মিয়ার ছেলে।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণ রামশালা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ রামশালা গ্রামে রাস্তা সংস্কারের কাজ চলছিল। এ কাজ দেখার জন্য উৎসুক জনতার সঙ্গে নাতি শাকিবসহ দাদাও একটি গাছের নিচে বসে পড়ে।
এক পর্যায়ে হঠাৎ করে গাছের ডাল ভেঙে ওই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করে।
আহত ব্যক্তি আশঙ্কামুক্ত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়াল।
