২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আটকে পড়াদের স্বজনদের যোগাযোগ করতে বলেছে সরকার

সংঘাতময় ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার তৎপরতা শুরু হওয়ায় তাদের স্বজনদের যোগাযোগ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 11:00 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকে পড়াদের প্রত্যাবাসনের প্রক্রিয়া সমন্বয়ের জন্য ঢাকায় দুটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গেও ফোনে বা ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে গত বছর ইরান সমর্থিত শিয়া মতাবলম্বী হুতি বিদ্রোহীরা শক্তিশালী হয়ে উঠার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

তারা এর মধ্যেই রাজধানী সানা দখল করে দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছে। বিদ্রোহীদের দমনে প্রতিবেশী দেশ সৌদি আরব বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে।

বিদেশিরা ওই দেশ ছাড়তে থাকলেও ইয়েমেনে বাংলাদেশ মিশন না থাকায় বাংলাদেশিরা আটকে পড়েছেন।

ভারত তাদের নাগরিকদের জাহাজে করে সরিয়ে আনা শুরু করায় তারাও বাংলাদেশকে সহায়তার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

কুয়েত মিশনের দুই কর্মকর্তাকে জিবুতি পাঠানো হয়েছে, যারা নাগরিকদের চিহ্নিত করে যাদের ট্রাভেল পারমিট নেই তাদের পারমিট দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘটনাস্থলে দায়িত্বরত কুয়েত দূতাবাসের কাউন্সিলর এসএম মাহবুবুল আলমের সঙ্গে  +96599574203 নম্বরে এবং mahbub50@yahoo.com ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালক লুৎফুর রহমানের সঙ্গে 0088-01726260967 নম্বরে এবং dgcnw@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

এই উইংয়ের ওয়েলফেয়ার, এমআরপি অ্যান্ড কনস্যুলার পরিচালক বিএম জামাল হোসেনকে 0088-01711380374 নম্বরে এবং dircnmrp@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় পাওয়া যাবে।

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক আগে বলেছিলেন, সংঘাত শুরুর আগে ইয়েমেনে দেড় হাজার থেকে তিন হাজার বাংলাদেশি বাস করত।

নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করতে বাংলাদেশ সরকার জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএমকেও আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।

পুরনো খবর:

নাগরিকদের উদ্ধারে ইয়েমেন যাচ্ছেন বাংলাদেশি কর্মকর্তারা