২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকদের উদ্ধারে ইয়েমেন যাচ্ছেন বাংলাদেশি কর্মকর্তারা

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতের কাছ থেকে সহায়তার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার পর উদ্ধার তৎপরতা সমন্বয়ের জন্য কুয়েত মিশন থেকে একটি দলকে এডেনে পাঠানো হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 10:45 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

কুয়েত দূতাবাসের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার তারা দুই সদস্যের একটি দল পাঠাচ্ছেন। তারা এডেন সাগরের বিপরীতের কোনো দেশে অবতরণ করবেন এবং সেখান থেকে এডেনে ঢুকবেন।

আরব উপদ্বীপের দরিদ্রতম এই দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উৎখাত করে সংখ্যালঘু শিয়া মতাবলম্বী হাউসি যোদ্ধারা রাজধানী সানা দখলের পর থেকে একমাত্র সাগর পথেই সেখানে যাওয়া যায়।

বিদেশিরা এর মধ্যে ইয়েমেন ছাড়া শুরু করলেও সানায় বাংলাদেশের দূতাবাস না থাকায় বাংলাদেশিরা আটকা পড়েছেন।

সরকার এর মধ্যে জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে আলোচনা করেছে। জাহাজ ব্যবহার করে নিজ নাগরিকদের সরানো শুরু করায় ভারতের সঙ্গেও আলোচনা হয়েছে। বুধবার ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়া দিল্লি প্রতিনিধি ভারতীয় একটি যুদ্ধজাহাজের কমান্ডারের উদ্ধৃতি দিয়ে বলেন, জাহাজটি গত রাতে ২১০ জন ভারতীয়কে এডেন থেকে তুলে নিয়েছে। এছাড়া অভারতীয় ৪০ জনও জাহাজে উঠেছে, যাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছে বলা হচ্ছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কুয়েত দূতাবাস ওই জাহাজে বাংলাদেশিদের থাকার বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইয়েমেনে দূতাবাস না থাকায় সেখানকার কাজ কুয়েত থেকেই দেখাশোনা করা হচ্ছে।

কুয়েত দূতাবাসের কাউন্সিলর এসএম মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ দলে অংশ নিয়ে তিনিও এডেন যাচ্ছেন।

কর্মকর্তারা বলছেন, এই দলটি মাঠে থেকে পুরো প্রক্রিয়ার সমন্বয় করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েত দূতাবাসের এক কর্মকর্তা বলেন, “আমরা কুয়েত থেকেই সমন্বয় করছি। কিন্তু আমাদের নাগরিকদের চিহ্নিত করার ও যাদের ট্রাভেল পারমিট নেই তাদের পারমিট দেওয়ার বিষয়টি সামনে আসায় সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে।

“আমরা এর মধ্যেই ৩০০ বাংলাদেশির একটি তালিকা করেছি। সেখানে কিছু নকল নামও থাকতে পারে। তবে আমরা আমাদের নাগরিকদের খুঁজে পাওয়ার উপর নজর দিচ্ছি।

“আমাদের ধারণা, এই সংখ্যাটা দেড় হাজার থেকে তিন হাজার বা দেড় হাজারের কমও হতে পারে। ওখানে আমাদের মিশন নাই, তাই আমরা সঠিক সংখ্যা বলতে পারছি না।”

তবে সবচেয়ে দুর্গম এলাকা সানায় ইয়েমেনি নাগরিক অনারারি কনসাল জেনারেলের সহায়তায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কুয়েত দূতাবাস।

ওই কমিটির সদস্যদের মধ্যে হোটেল সাহারান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে যোগাযোগ করা আটকে পড়া প্রকৌশলী মো. গোলাম মোস্তফাও রয়েছেন।

ওই কূটনৈতিক বলেন, “আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।”

সমস্যাসঙ্কুল ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য অনেকগুলো যোগাযোগ প্রকাশ করেছেও পররাষ্ট্র মন্ত্রণালয়।

পুরনো খবর:

ইয়েমেন থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা দেবে ভারত