ঢাকা টোব্যাকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
আইন লঙ্ঘন করে সিগারেটের প্রচারণা চালানোর অভিযোগে ঢাকা টোব্যাকো ইন্ড্রাস্ট্রিজের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তামাকবিরোধী একটি সংগঠন।
শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ কমিউনিটি ফর টোব্যাকো কন্ট্রোল (বিসিটিসি)।
সংগঠনের সভাপতি তালুকদার হারুণ সাংবাদিকদের বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থী-তরুণদের মধ্যে ঢাকা টোব্যাকো ইন্ড্রাস্ট্রিজ উইনস্টন ব্রান্ডের সিগারেট বিনামূল্যে বিতরণ করেছে। এমনকি স্টিকার, লিফলেট ও ড্যাংলারসহ অন্যান্য প্রমোশনাল সামগ্রী বিতরণ করেছে, যা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ধারা-৫ এর লঙ্ঘন।
তিনি বলেন, তামাকজাত দ্রব্যের এমন প্রচারণা বন্ধ করতে হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে সরকার ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে ঢাকা টোব্যাকোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পযায়ে স্মারকলিপি দেওয়া হবে।
২০০৫ সালের ১৩ মার্চ বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন পাস হয়, যা ২০১৩ সালে সংশোধন করা হয়।
এ আইনের সংশোধন চেয়ে হারুণ বলেন, “আইনে জনসমাগমস্থল ও জনপরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু হোটেল-রেস্তোরাঁ ও কর্মক্ষেত্রকে জনসমাগমস্থল ও অ-যান্ত্রিক যানবাহনকে জনপরিবহন হিসেবে উল্লেখ করা হয়নি। আমরা এসব অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাদ দিয়ে তিনি বলেন, দেশে প্রতি বছর তামাক ব্যবহারের ফলে ১২ লাখ মানুষ ফুসফুসের ক্যান্সার, মস্তিষ্কের রক্তক্ষরণ, দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগের মতো ৮টি কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। এসব রোগীর মাত্র ২৫ শতাংশ হাসপাতালে চিকিৎসা নেয়।
এছাড়া তামাকের কারণে দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১১ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। প্রত্যক্ষভাবে ৫৭ হাজার মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে।
২০০৯ সালে প্রকাশিত গ্লোবাল আডাল্ট টোব্যাকো সার্ভে রিপোর্টের বরাদ দিয়ে তিনি বলেন, দেশে ১৫ বছরের ওপরে ৪ কোটি ১৩ লাখ মানুষ তামাক সেবন করে, যা মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে পুরুষ ৫৮ শতাংশ ও নারী ২৮ দশমিক ৭। এছাড়া ১৩ থেকে ১৫ বছরের শিশুদের মধ্যে ৭ শতাংশই তামাকজাত দ্রব্য ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হাসান শাফিঈ, সহ-সভাপতি কাদের গনী চৌধুরী।
