ইসলামী বিশ্ববিদ্যালয় হল খুলেছে
চার মাস বন্ধের পর কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।
শনিবার ক্লাস শুরু হবে। তাই শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে নিজ নিজ হলে উঠতে শুরু করেন।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় শনিবার থেকে শিক্ষা কার্যক্রম চালুর এবং শুক্রবার আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লোকমান হাকিম জানান, সবগুলো আবাসিক হল খুলে দেওয়ার পর শিক্ষার্থীরা নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে তাদের আসনে উঠছে।
ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে জানান তিনি।
গত বছর ৩০ নভেম্বর বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হন। এ নিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি সহিংস হয়ে উঠলে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
