বান্দরবানে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
বান্দরবানে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোরে থানছি, রুমা, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় এ ঝড় বয়ে যায়।
স্থানীয় সংশ্লিষ্টরা জানান, ঝড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ক্যাম্পসহ প্রায় পাঁচ শতাধিক ঘড়বাড়ির চালা উড়ে গেছে।
ভারি বর্ষণ ও শিলাবৃষ্টিতে তরমুজ, আম বাগান ও তামাক ক্ষেতের ক্ষতি হয়।
এছাড়া বহু গাছপালা ভেংগে রাস্তায় পড়ায় নানাস্থানে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা জানান, ঝড়ে উপজেলা সদরের একটি বিজিবি ক্যাম্প, থানা ভবন এবং প্রেসক্লাবের টিনের চালা উড়ে গেছে।
উপজেলার বলিপাড়ায় চাকমা পাড়াসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক ঘরবাড়ির চালা উড়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আখসহ বিভিন্ন ফলের বাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
রুমা থানার ওসি মো. শরীফুল ইসলাম ও রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা জানান, পর্যটন কেন্দ্র বগালেক পাহাড়ে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পের চালা উড়ে গেছে। একই এলাকার আশেপাশের ১০টি পাহাড়ি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১০০ ঘরবাড়ির চালা উড়ে গেছে।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হচ্ছে এবং দ্রুত সময়ে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
