নিরুদ্দেশ আশেকুরের বিষয়ে ‘নিশ্চিত নয়’ সরকার
দুই মাস আগে তুরস্কে যাওয়ার পর আর ফিরে না আসা বাংলাদেশি তরুণ আশেকুর রহমান সিরিয়ার উগ্রপন্থি জঙ্গি দল ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতেই ‘নিরুদ্দেশ’ হয়েছেন বলে সন্দেহ তৈরি হলেও তুরস্কের বাংলাদেশের মিশন এ বিষয়ে নিশ্চিত নয়।
একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা বলে গত ২১ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে যান ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রকৌশল বিভাগের ছাত্র আশেকুর। ২৭ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা ছিল।
২১ বছর বয়সী এই তরুণ নির্ধারিত সময়ের এক মাস পরও দেশে না ফেরায় শুক্রবার দেশের একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আইএস-এ যোগ দিতে ইস্তাম্বুল থেকে নিরুদ্দেশ হয়েছেন আশেকুর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার দপ্তরে একটি চিঠি পাঠানো হয়। আশেকুরের নিরুদ্দেশ হওয়াকে ‘রহস্যজনক’ উল্লেখ করে এতে বলা হয়, সম্মেলনের বিষয়টি ‘ভুয়া বলে প্রতীয়মান’ হয়েছে এবং পরিবারও তার বিদেশে যাওয়ার বিষয়টি জানত না।
“ইস্তাম্বুল আগমণের পূর্বাপর জনাব রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে, পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় জঙ্গি-সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের অভিপ্রায়ে এই তরুণ বাংলাদেশি কৌশলে তুরস্কে এসে উদ্দেশ্যমূলকভাবে নিরুদ্দেশ হয়েছে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে তুরস্কের বাংলাদেশ দূতাবাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আশেকুর আইএসে যোগ দিতে পারেন বলে সন্দেহ করা হলেও তাদের হাতে ‘নিশ্চিত কোনো তথ্য’ নেই।
দূতাবাসের একজন মুখপাত্র বলেন, “ঢাকায় আশেকুরের পরিবার সরকারের সঙ্গে যোগাযোগ করলে আমাদের এ বিষয়ে তুরস্ক সরকারের কাছে খোঁজ নিতে বলা হয়।
“আমরা তুরস্ক কর্তৃপক্ষকে এক মাস আগে চিঠি দিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। সপ্তাহখানেক আগেও আমরা তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো তথ্য দিতে পারেনি।”
২০১৩ সালের এপ্রিলে ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বড় একটি এলাকা নিজেদের দখলে নিয়ে খিলাফত কায়েমের ঘোষণা দেয় আইএস। তারপর থেকে এ পর্যন্ত উগ্র সুন্নি এই জিহাদি দলটির হাতে কযেক হাজার মানুষ নিহত হয়েছে।
ফেইসবুক ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পশ্চিমা দেশসহ বিভিন্ন অঞ্চল থেকে তরুণদের নিজেরে দলে ভেড়াচ্ছে আইএস, যাদের মধ্যে নারীরাও আছে।
আশেকুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এই তরুণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারো ব্যক্তিগত তথ্য যাচাই করার কাজটা আমরা করি না। আমরা তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আর আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিষয়গুলো দেখছে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম একটি বিষয় আমরা পত্রিকায় দেখেছি। এর সত্যতা কতটুকু তা দেখব।”
বাংলাদেশ সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এলেও গতবছর ইরাকে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী অভিযানে যোগ দিতে অপারগতা জানায়।
সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধক্ষেত্রে মানবিক সহায়তার জন্য জাতিসংঘের উদ্যোগে মিশন শুরু হলে বাংলাদেশ তাতে যোগ দিতে রাজি আছে।
সম্প্রতি লিবিয়ায় দুই বাংলাদেশি নাগরিক আইএস জঙ্গিদের হাতে জিম্মি হলেও পরে তাদের মুক্তি দেওয়া হয়।
