প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্নার লাশ দাফন
রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমান হৃদির লাশ গাজীপুরে নানার কবরের পাশে দাফন করা হয়েছে।
তামান্নার মামা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক লিয়াকত হোসেন ভূইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া গ্রামে লাশটি দাফন করা হয়েছে।
এর আগে দুপুরে ঢাকার নিকুঞ্জ-২ এলাকায় তার জানাজার নামাজ শেষে লাশ গাজীপুরের কানাইয়া গ্রামে নেওয়া হয়। দাফনের আগে বাদ আসর কানাইয়া মাদ্রাসা মাঠে আরও একবার জানাজা হয়।
তামান্না রহমান হৃদি (২২) স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমানের মেয়ে। ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকায় তাদের বাসা। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
বুধবার দুপুরে রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান এই নারী বৈমানিক।
এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই বিমানের প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাঈদ কামাল, যাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।
তামান্নার লাশ উদ্ধার করে রাজশাহীতে ময়নাতদন্ত শেষে বুধবার বিকালেই ঢাকায় পাঠানো হয়। রাতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রধান কার্যালয়ে পরিবারের কাছে কফিন হস্তান্তর করা হয়।
