প্রার্থীদের সঙ্গে বসবেন সিইসি
ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ মতবিনিময় করবেন।
ওই সভায় সিইসি নির্বাচনী বিধিমালা প্রার্থীদের কাছে তুলে ধরার পাশাপাশি তাদের কথাও শুনবেন বলে ইসির উপসচিব সামসুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আপিল নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত। এরপরই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করবেন।
১০ এপ্রিলের পর সিইসির ওই মতবিনিময় সভা হবে বলে জানান উপসচিব সামসুল।
তিনি বলেন, “আচরণবিধি প্রতিপালনে সবার সহযোগিতা কামনা ও বিধি লঙ্ঘনে ব্যবস্থার বিষয়ে প্রতিদ্বন্দ্বীদের নির্দেশনা দেবেন সিইসি। সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের কথাও শুনবেন তিনি।”
তিন সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে প্রায় দেড় হাজার প্রার্থী হতে পারে।
ওই সভায় নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত থাকবেন।
ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, রিটার্নিং কর্মকর্তারা ওই সভার উপযুক্ত সময় ও স্থান বাছাই করবেন। সব কিছু বিবেচনা করে সময়সূচি ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত হবে।
বিতর্ক নিয়ে সিদ্ধান্ত হয়নি
তিন সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে বিতর্ক আয়োজনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “আমাদের নিজস্ব অর্থায়নে নির্বাচনী বিতর্ক আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কেউ এগিয়ে এলে আমাদের আপত্তি থাকবে না।”
শেষ পর্যন্ত অন্য কারও উদ্যোগে বিতর্ক আয়োজন হলেও ইসির নির্দেশনা মেনেই তা করতে হবে, বলেন তিনি।
সিটি করপোরেশন ও প্রার্থীদের সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কথাগুলোই বিতর্কে উঠে আসে। এর মাধ্যমে মেয়র ও স্থানীয় জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বিগত কমিশন ২০০৮ সালের ৪ অগাস্ট বিবিসির বাংলা বিভাগের মাধ্যমে এবং ২০১০ সালের জুনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে সংলাপের আয়োজন করেছিল।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান ইসির অধীনে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেটে বিবিসি বাংলা বিভাগের অর্থায়নে প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজন হয়। তবে কুমিল্লা, রংপুর ও গাজীপুর নির্বাচনে সংলাপ হয়নি।
ইসির জনসংযোগ বিভাগের পরিচালক আসাদুজ্জামান বলেন, মেয়র প্রার্থীদের এ নির্বাচনী সংলাপে কমিশন শুধু সমন্বয় করে, ইসির কোনো আর্থিক সংশ্লেষ থাকে না। এক্ষেত্রে আগের মতো কারো সাড়া পেলে তা কমিশনে উপস্থাপন করা হবে।
