ঢাকা উত্তর-দক্ষিণে দুই শতাধিকের প্রার্থিতা বাতিল
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বাছাইয়ে বাতিল হয়েছে ২০৮ জন প্রার্থীর মনোনয়নপত্র।
সেই সঙ্গে আদালতের আদেশে ১৩ কাউন্সিলরের মনোনয়নপত্র নিয়েছেন দুই রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
বুধ ও বৃহস্পতিবার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিল পদে মনোনয়নপত্র বাছাই চলে।
সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, উত্তরে দুই দিনে মেয়র ও কাউন্সিলর পদে ৫৭৮ জন ও দক্ষিণে ৬৭৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাছাইয়ে ২০৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
উত্তরে বাতিল হয়েছে মেয়র পদে দুই জন, সংরক্ষিত সংরক্ষিত কাউন্সিলর পদে ২২ জন ও সাধারণ কাউন্সিলররে ৪৭টি মনোনয়নপত্র।
দক্ষিণে মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১০৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
ইতোমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে অনেকে বিভাগীয় কমিশনারের কাছে আপিলও করছেন। শনিবার তাদের আপিল নিষ্পত্তির কথা রয়েছে।
বৈধ মনোনয়নপত্র
ঢাকা উত্তরে ১৯ জন মেয়র, সংরক্ষিত ১১৩ জন ও সাধারণ ৪৪৬ জনের মনোনয়নপত্র বৈধ হয়।
দক্ষিণে মেয়র পদে ২৩ জন, সংরক্ষিত ১২২ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
উত্তরের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, আদালতের আদেশে সাত জন কাউন্সিলরের মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তাদের মনোনয়নপত্র বাছাই চলছে।
দক্ষিণে ছয় জনের মনোনয়নপত্র জমা নিয়েছেন রিটার্নিং কর্মকর্তা-এতথ্য জানান কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম। তাদের মনোনয়নপত্রও বাছাই চলছে বলে জানান তিনি।
