কাউন্সিলর পদে ১৩ জনের মনোনয়নপত্র নেওয়ার নির্দেশ
ঢাকার দুই সিটি করপোরেশনে কাউন্সিলর পদে ১৩ সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা নিয়ে যাচাই-বাছাই করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এই ১৩ জন গত ২৯ মার্চ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়ে আদালতে এসেছিলেন।
আর তাদের মনোনয়নপত্র গ্রহণ করে বাছাইয়ের কাজটি বৃহস্পতিবারই করতে বলেছে আদালত, কেননা এদিনই তফসিল অনুযায়ী বাছাইয়ের সময় শেষ হচ্ছে।
বিচারপতি ফারাহ মাহাবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ সম্ভাব্য প্রার্থীদের আলাদা রিট আবেদন শুনে এই আদেশ দেন।
আবেদনকারী ছয়জনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাকি সাতজনের পক্ষে ছিলেন সাইদুর রহমান।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম ও নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম শুনানিতে ছিলেন।
মনজিল মোরসেদ জানান, ‘নির্ধারিত সময়ে উপস্থিত থাকার পরও’ আবেদনকারীদের মনোনয়নপত্র গ্রহণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা, ঢাকার জেলা প্রশাসকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
১৩ আবেদনকারীদের মধ্যে মাহমুদা বেগম, শাহনাজ হাবিব, নার্গিস বেগম, মাহবুব ফয়েজ, সেতু রহমান, আলেয়া খাতুন উত্তরের কাউন্সিলর পদে ভোটে লড়তে চেয়েছিলেন।
আর দক্ষিণের প্রার্থী হতে আবেদন করেছিলেন মাহফুজা রিনা, মল্লিকা জামান, হাসনা বেগম, মতিউর রহমান মতি, লোকমান হোসেন, এ কে এম নুরুজ্জামান ও সোহরাব হোসেন।
এদের মধ্যে অন্তত একজন ছাত্রলীগ নেতা ও যুব মহিলা লীগের কয়েকজেন রয়েছেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আইনের বিধান অনুসারে ১৩ জনের মনোনয়নপত্র গ্রহণ করে আজই বাছাই করতে নির্দেশ দিয়েছেন।”
